টিআইবি প্রতিবেদন ‘পেপার কাটিং নির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 54
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিবেদন মূলত সংবাদপত্রের কাটিংয়ের ওপর নির্ভর করে তৈরি হয়, তাই এ নিয়ে মন্তব্য করা প্রয়োজন নেই।
সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয় এবং তাদের নিজস্ব তদন্ত নেই। প্রকৃত অপরাধ পরিস্থিতি জানতে হলে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দেখতে হবে।
এর আগে টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ২০৯ জন নারী ও শিশুর ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন মূলত সংবাদপত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় এবং বাস্তব তদন্ত ছাড়া এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। তবে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে এবং এসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের মাসভিত্তিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ আগের তুলনায় কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।

































