জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন ৫ দেশ নির্বাচিত
- সর্বশেষ আপডেট ০২:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 20
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য নতুন পাঁচটি অস্থায়ী সদস্য দেশ নির্বাচিত হয়েছে। নির্বাচিত দেশগুলো হলো— অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে। গত বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো এই পাঁচ দেশকে চূড়ান্তভাবে নির্বাচিত করে। নির্বাচিত এই দেশগুলো ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে তাদের গুরুত্বপূর্ণ বৈশ্বিক দায়িত্ব পালন শুরু করবে।
এবারের নির্বাচনটি বেশ কয়েকটি অঞ্চলে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেখানে বড় বড় দেশকে পরাজয় বরণ করতে হয়েছে। ইউরোপীয় অঞ্চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পরাশক্তি জার্মানিকে পরাজিত করে সদস্যপদ ছিনিয়ে নিয়েছে অস্ট্রিয়া ও পর্তুগাল। একইভাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ফিলিপাইনকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের মুখ দেখেছে কিরগিজস্তান। অন্যদিকে ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের কোটায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই সরাসরি নির্বাচিত হয়েছে। নতুন নির্বাচিত এই পাঁচটি দেশ বর্তমানে দায়িত্ব পালনকারী পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর উইং নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য রাষ্ট্র থাকে, যার মধ্যে পাঁচটি স্থায়ী (ভেটো ক্ষমতাসম্পন্ন) এবং ১০টি অস্থায়ী সদস্য দেশ। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটের মাধ্যমে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পায়।
এদিকে, এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক একদিন আগে বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী সেপ্টেম্বর মাস থেকে তিনি বিশ্বমঞ্চের এই শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করবেন, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।


































