গাজায় হামলা: চার শিশুসহ নিহত ৯
- সর্বশেষ আপডেট ০৫:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 7
গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও কয়েকজন।
ফিলিস্তিনের গাজা নগরীর বিভিন্ন এলাকায় বুধবার (৩ জুন) রাতে চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রগুলোর দাবি, বাসিন্দাদের কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলাগুলো চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
আল-শিফা হাসপাতাল সূত্রে প্রথমে ৬ জন নিহতের তথ্য পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।
এদিকে হামাস-নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে, গত বছরের ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত তিন হাজারের বেশি বার তা লঙ্ঘন করেছে। তাদের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি।


































