ঈদযাত্রায় নিহত ২৮১, মোটরসাইকেলে প্রাণহানি বেশি
- সর্বশেষ আপডেট ০৩:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 14
ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
রোড সেফটি ফাউন্ডেশনের বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৪.১২ শতাংশ। এছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, ঈদযাত্রার সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। একই সময়ে ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হন। এছাড়া কোরবানির জন্য পরিবহনকালে ২৪টি গরু মারা যায়।
যানবাহনভিত্তিক নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন, ট্রাক ও পিকআপ আরোহী ৩২ জন, বাসযাত্রী ২১ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের ১১ জন এবং স্থানীয়ভাবে তৈরি যানবাহনের ৮ জন যাত্রী রয়েছেন।
ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা যায়, ৯৭টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১১২টি আঞ্চলিক সড়কে, ৪২টি গ্রামীণ সড়কে, ৩৭টি শহরের সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে ঘটেছে।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, ১২৭টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৭৩টি মুখোমুখি সংঘর্ষে, ৪২টি পেছন থেকে ধাক্কায়, ৩৮টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে এবং ১২টি অন্যান্য কারণে সংঘটিত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।































