এবার ডেঙ্গুতে মৃত্যু কম: স্থানীয় সরকারমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০২:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 32
আগের বছরগুলোর তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এখন থেকেই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৎপর রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।






























