হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- সর্বশেষ আপডেট ১২:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 31
হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই পৌর এলাকায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করায় জনস্বার্থে ওই আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বুধবার (২৯ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে উত্তেজনা সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মাহমুদা মিতুসহ দলের শীর্ষ নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে প্রথমে শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লেও পরে তারা এগিয়ে যান। তবে বাহুবল উপজেলার কামাইছড়া ও মিরপুর এলাকায় দ্বিতীয় দফা পুলিশের ব্যারিকেডে তাদের বহর আটকে দেওয়া হয়। সড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে শহরে প্রবেশের পথ বন্ধ করে দেয় পুলিশ।
প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর পুলিশ জানায়, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকায় এনসিপির নেতাদের শহরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। এ সময় পুলিশের ভূমিকার সমালোচনা করেন এনসিপির নেতারা।
জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকায় জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। তাই পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, এনসিপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।


































