‘ছাত্রদলের লাগাম টানতে হবে’: তারেক রহমানকে সারজিস

- সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 241
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, ছাত্রদলের কর্মকাণ্ড ক্রমেই সহিংসতার দিকে যাচ্ছে। এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ছাত্রদল যেভাবে কার্যক্রম পরিচালনা করছে, তাতে তারা সন্ত্রাসী সংগঠনে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে স্পষ্টভাবে জানানো উচিত যে ছাত্রদলকে তিনি রাজনৈতিক ছাত্রসংগঠন নয়, বরং একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চান।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি বক্তব্য বিএনপির মনে রাখা উচিত। তার ভাষায়, ‘ছাত্রদলে ছাত্রদের চাই, টোকাইদের নয়।’ এই নীতি অনুসরণ করলে তা বিএনপি এবং দেশের রাজনীতির জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে সারজিস আলম বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে দলের একাধিক কর্মী আহত হয়েছেন। তাদের একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন এবং অস্ত্রোপচার চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এনসিপি নবীন রাজনৈতিক দল হলেও মনোবলের দিক থেকে পিছিয়ে নেই। সংখ্যায় কম হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা তাদের রয়েছে এবং ভবিষ্যতেও তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসন নিরপেক্ষ আচরণ করেনি। তিনি দাবি করেন, প্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুক।
তার ভাষায়, যারা রাজনীতি করতে চান, তারা সরকারি দায়িত্ব ছেড়ে সরাসরি রাজনীতিতে অংশ নিন; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে রাজনৈতিক পক্ষপাত এড়িয়ে চলাই উচিত।































