জুলাই ইস্যুতে ঢাবির ৭ শিক্ষকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত
- সর্বশেষ আপডেট ০৭:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 255
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমের স্থায়ী বরখাস্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও ছয় শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের গত ২৮ জুলাই অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্র এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সূত্র জানায়, ড. সাদেকা হালিমের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি তাকে স্থায়ীভাবে বরখাস্তের সুপারিশ করেছে। সেই সুপারিশ বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ড. সাদেকা হালিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ২০২২ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।
এদিকে তদন্তাধীন আরও ছয় শিক্ষককে আপাতত ক্লাস নেওয়া, প্রশাসনিক দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। তারা হলেন— ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মুহিত, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রফিক শাহরিয়ার এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আফরোজা শেলী ও অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
সিন্ডিকেট সভায় নীল দলকে নিষিদ্ধ করার বিষয়ে তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের অভিযোগে আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ড. সাদেকা হালিম বলেন, ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না। সাময়িক অব্যাহতি পাওয়া অন্য শিক্ষকরাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরি এস এ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি ও শিক্ষার্থীবিরোধী অবস্থানের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

































