স্পেনে ৪ দিনে তাপদাহে ২১২ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 12
ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপদাহে স্পেনে গত চার দিনে ২১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি মৃত্যু পর্যবেক্ষণ সংস্থা মোমো জানিয়েছে, ২১ জুন থেকে ২৪ জুনের মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
মোমো দৈনিক মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে স্বাভাবিক মৃত্যুহারের সঙ্গে তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ নির্ধারণ করে। এ ক্ষেত্রে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এইমেট -এর তাপমাত্রা সংক্রান্ত তথ্যও বিবেচনায় নেওয়া হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে চার দিনে তাপদাহে মারা গিয়েছিলেন ৯৮ জন। সে তুলনায় এবার মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গরমজনিত কারণে স্পেনে মোট ৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছিল। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৮৮ শতাংশ বেশি।
এদিকে চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুন মাসের ইতিহাসে ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২২ জুন গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস, আর ২৩ জুন তা বেড়ে দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
শুধু দিনের গরমই নয়, রাতের তাপমাত্রাও নতুন রেকর্ড গড়েছে। সোমবার ও মঙ্গলবার জুন মাসের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক উষ্ণ রাত মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত করে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়।
তীব্র তাপপ্রবাহের কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ উত্তর স্পেনের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত এসব এলাকায় এমন গরম দেখা যায় না। এবার সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।




































