ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 19
দেশের সেবা খাতে দুর্নীতি ও ঘুষের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাসপোর্ট অফিস। টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দিতে বাধ্য হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ।
সরকারি সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, পাসপোর্ট অফিস বর্তমানে দেশের সবচেয়ে বেশি ঘুষপ্রবণ সেবা খাত। ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে জাতীয়ভাবে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে। এর মধ্যে গ্রামাঞ্চলে এ হার ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
ঘুষ গ্রহণের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যেখানে এ হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি খাতে ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। টিআইবির মতে, পাসপোর্ট খাতের এ চিত্র বিশেষভাবে উদ্বেগজনক এবং সেবা খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।





































