‘জুলাই চেতনা বিক্রি করে অনেকে রিকশা থেকে প্রাডোতে এখন’
- সর্বশেষ আপডেট ০৭:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 10
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ব্যবসা করার অভিযোগ তোলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা জুলাই যুদ্ধ করেছি, আমাদের অনেক সহকর্মী ও সন্তানেরাও এতে অংশ নিয়েছে। কিন্তু জুলাই চেতনা বিক্রি করার বিষয় নয়, এটি হৃদয়ে ধারণ করার বিষয়।”
তিনি বলেন, “অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি নির্বাচনের আগে যে গাড়িতে চলতাম, সেটিই এখনও ব্যবহার করি। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তারা আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন, সেটি জনগণের সামনে তুলে ধরতে পারেন।”
সংসদ সদস্য আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা মাঝে মধ্যে নিজেদের জীবনযাত্রার পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কথা বললে জনগণ বাস্তব চিত্র দেখতে পারবে।
বাজেট প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা খাতে গুরুত্বপূর্ণ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর সুবিধাসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, “সঠিক ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক তারেক রহমান। আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তেমনি জুলাই আন্দোলনের চেতনাও ধারণ করি। স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার না করে জুলাইয়ের আত্মত্যাগকেও সম্মানের সঙ্গে স্মরণ করতে চাই।”





































