ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষর যুক্তরাষ্ট্রের পরাজয়ের স্বীকৃতি: গালিবাফ
- সর্বশেষ আপডেট ১০:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 6
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, ইসলামাবাদে স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কোনো চাপের ফল নয়; বরং এটি ইরানি জনগণের প্রতিরোধ ও দৃঢ় অবস্থানের প্রতিফলন। তার মতে, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের ব্যর্থতারও প্রমাণ।
ইসলামিক সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) ২০তম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইসলামাবাদে হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ইরানি জাতির দৃঢ়তা ও প্রতিরোধের ফল।
আজারবাইজানের রাজধানী Baku-তে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, কোনো জাতির ওপর ইচ্ছা চাপিয়ে না দিয়ে তাদের অধিকারকে স্বীকৃতি দিলে তবেই সংলাপ সফল হতে পারে। ইসলামাবাদ সমঝোতা সেই বাস্তবতারই প্রতিফলন।
গালিবাফের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ তাদের প্রত্যাশা ব্যর্থ করে দিয়েছে। তিনি দাবি করেন, সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
সম্মেলনে তিনি সাম্প্রতিক সংঘাতকে ইরানের বিরুদ্ধে পরিচালিত একটি ‘আরোপিত যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এ সংঘাতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন এবং দেশের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি স্পিকার বলেন, এই সংঘাত কেবল সামরিক লড়াই ছিল না; বরং অঞ্চলের কৌশলগত ভারসাম্য পরিবর্তন এবং একটি স্বাধীন রাষ্ট্রের ওপর বাইরের শক্তির প্রভাব প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল। তবে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধ সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যকে সংঘাত নয়, সহযোগিতা ও সহাবস্থানের ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানিয়ে গালিবাফ বলেন, পারস্পরিক সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং যৌথ স্বার্থের ভিত্তিতে ইসলামি দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রস্তুত রয়েছে ইরান।
তিনি অর্থনৈতিক, বাণিজ্যিক, আর্থিক, বৈজ্ঞানিক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে যৌথ উদ্যোগেরও সমর্থন জানান।
বর্তমানে আজারবাইজানে অনুষ্ঠিত পিইউআইসি সম্মেলনে অংশ নিতে বিভিন্ন মুসলিম দেশের পার্লামেন্ট সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে গালিবাফের।


































