ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

- সর্বশেষ আপডেট ০৭:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 170
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। ধ্বংসস্তূপে এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে। দেশটির সরকার জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানান। কর্তৃপক্ষের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের সংখ্যা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে প্রধান দুটি ভূমিকম্পের পর অন্তত ৩০টি পরবর্তী কম্পন অনুভূত হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে।
ডেলসি রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা জোরদারে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহযোগিতায় ২০ কোটি মার্কিন ডলারের একটি প্রাথমিক তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও উদ্ধার অভিযানে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করে নিরাপদ ঘোষণা করা ভবনগুলোতে অবস্থান করার পরামর্শ দেন।
সরকার জানিয়েছে, নিহতদের স্মরণ এবং দুর্গতদের জন্য প্রার্থনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সান ফেলিপে অঞ্চলের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
বিশ্লেষকদের মতে, এটি গত ১২৫ বছরের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।




































