ববিতে তিন দফা দাবিতে গণ অনশনের ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৫:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 118
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি সম্প্রসারণ এবং পরিবহন সুবিধা বৃদ্ধির দাবিতে গণ অনশনের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ৩৭ দিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় তারা এই কর্মসূচি নিতে বাধ্য হন।
শিক্ষার্থীরা ২৮ জুলাই আন্দোলন শুরু করেন এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দফা দাবি উপস্থাপন করেন। এরপর থেকে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন।
২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি।
৩. শিক্ষার্থীদের জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।
৪ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের তিন নম্বর গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আবাসন, পরিবহন ও শ্রেণীকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যা সমাধানে প্রশাসনের নীরব ভূমিকা তাদের আন্দোলন দীর্ঘায়িত করেছে। জনদুর্ভোগ এড়াতে তারা গণ অনশনের সিদ্ধান্ত নেন।
অমিও মণ্ডল বলেন, “সরকার আমাদের মৌলিক অধিকারগুলো পূরণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা সড়ক অবরোধ বাদ দিয়ে অনশনে যাচ্ছি।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “৩৭ দিনের আন্দোলনের পরও কোনো আলোচনা হয়নি। অনশনের সময় কোনো পরিস্থিতি খারাপ হলে এর দায় প্রশাসনের।”






































