সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের গোলাগুলি
- সর্বশেষ আপডেট ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 22
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে যামিনীপাড়া জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সোমবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে।
২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাকারবারীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহল দল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন আরও জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
































