কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 44
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় লোকালয়ের পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় সাপটি দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সকালে লোকালয়ের কাছে বড় আকারের অজগরটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয়দের দাবি, এ এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি। বিশাল আকৃতির সাপটি দেখে বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।





































