ফ্যামিলি কার্ডে অনিয়মে কঠোর ব্যবস্থা: তথ্য মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 41
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম, দালালি বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই।
তিনি বলেন, ক্ষমতার উৎস জনগণ। সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে। সেবা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বা অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































