মালদ্বীপে রাষ্ট্রীয় প্যারেডে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 60
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় প্যারেডে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে তিনি উপস্থিত ছিলেন।
সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানস্থলে পৌঁছালে ড. খলিলুর রহমানকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। পরে তিনি স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক প্যারেডে অংশ নেন। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন ইউনিটের সদস্যরা মনোমুগ্ধকর মার্চপাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করেন। প্যারেডে দেশটির ঐতিহ্য, শৃঙ্খলা ও জাতীয় গৌরবের নানা দিক তুলে ধরা হয়।
প্যারেড শেষে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে জাঁকজমকপূর্ণ আতশবাজির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক আয়োজন শেষ হয়।
এর আগে দিনের শুরুতে রাজধানী মালের লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্ট’-এর অংশ হিসেবে একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।
চারা রোপণ শেষে ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট মুইজ্জুর সবুজায়ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের বিষয়টিও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে ওই গাছগুলো ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।
মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বর্তমানে সরকারি সফরে মালদ্বীপে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।































