জামায়াতের গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন ফখরুলের
- সর্বশেষ আপডেট ১২:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 109
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির গণতান্ত্রিক চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের আমিরেরই বিবেচনা করা উচিত।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সিলেটে এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির মন্তব্য করেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি।’ এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর আমির সাহেব তার দলের গঠনতন্ত্র ভালো করে পড়ুন। তাহলে কী ব্যবস্থা হবে, সেটা দেখা যাবে। তারা গণতান্ত্রিক দল কি না, সেটা তারাই বিবেচনা করবেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে, তাদের হয় বিষয়টি সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে, নয়তো তারা পূর্বধারণা থেকে এমন মন্তব্য করছেন।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস ৩০ দিনের মধ্যে কৃষি খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে আরও লাভজনক করতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুদিনের সফরে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুর সার্কিট হাউসে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি ও বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লি মেলা পরিদর্শন এবং সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।




























