বগুড়ায় জঙ্গল থেকে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- সর্বশেষ আপডেট ১২:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 11
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর তীরবর্তী জঙ্গলে গড়ে তোলা একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ইলেকট্রিক শকার, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিবির তিনটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার মহিষবাথান এলাকার রকি তালুকদার (৩০), উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার রাকিব মণ্ডল (২৮) এবং দশম শ্রেণির এক শিক্ষার্থী (১৬)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, টিএমএসএস পেপার মিলের পেছনে করতোয়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলাকীর্ণ নির্জন এলাকায় তাঁবু টাঙিয়ে অস্থায়ী আস্তানা গড়ে তোলে চক্রটি। লোকালয় থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে হওয়ায় সেখানে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।
ডিবির ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় চক্রের পাঁচ সদস্যের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হলেও অপর দুই সদস্য নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযানে একটি বিদেশি রিভলবার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি বড় ছোরা, একটি বার্মিজ চাকু, একটি লোহার পাইপ এবং প্রায় ৩৫ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি ইলেকট্রিক শকার মেশিন উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, চারটি বাটন ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ডিবি জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি মাদক ব্যবসার পাশাপাশি অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায়, ইলেকট্রিক শকার দিয়ে নির্যাতন এবং হানি ট্র্যাপসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চক্রটির মূলহোতা রকি তালুকদার এবং তার সহযোগী রাকিব মণ্ডলসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে দেশি-বিদেশি অস্ত্র ও নির্যাতনে ব্যবহৃত শকার মেশিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বগুড়া শহরকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।






























