২৩৫ ইউনিটে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

- সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 157
মাগুরার এক গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। অথচ ওই মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। অস্বাভাবিক এ বিল দেখে হতবাক গ্রাহক ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এ বিল ইস্যু করা হয়। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী।
বিলের কপিতে দেখা যায়, ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ডিমান্ড চার্জ ধরা হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে যোগ করা হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট। সব মিলিয়ে বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা বেড়ে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ যার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।
গত ১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয়। পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।
গ্রাহক মোছা. আলেয়া খাতুন বলেন, বিদ্যুৎ বিভাগের এমন ভুলে তিনি ও তার পরিবার দুশ্চিন্তায় পড়েছেন। এ ধরনের ভুলের প্রতিকার হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার বিষয়ে শালিখা উপজেলার চুকিনগরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিলের বিষয়টি স্বীকার করেন।
তিনি জানান, গ্রাহকের মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। এ কারণেই অস্বাভাবিক বিল তৈরি হয়েছে। পরে বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামও ভুলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, টাইপিংয়ের ভুলের কারণে এমন বিল তৈরি হয়েছে। পরে তা সংশোধন করে দেওয়া হয়েছে এবং গ্রাহক বিল পরিশোধও করেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিদ্যুৎ বিল প্রস্তুত ও যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রাহকদের অভিযোগ, এমন ভুল যেন পুনরায় না ঘটে, সে জন্য বিল তৈরির প্রতিটি ধাপে যথাযথ যাচাই নিশ্চিত করা প্রয়োজন।


































