প্রতিমন্ত্রী মীর শাহে আলম
‘বেহেশতের টিকিট বিক্রেতাদের এলাকাতেই সারের সংকট’

- সর্বশেষ আপডেট ০৪:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 158
দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার অভিযোগ, যেসব জেলা থেকে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে অনেকে নির্বাচিত হয়েছেন, সেসব এলাকাতেই সারের সংকট দেখা দিয়েছে। সরকারকে হেয় করতে রাজনৈতিক দলের নেতাকর্মীরা হৈচৈ করে কৃত্রিম সংকট তৈরি করছেন বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় আবু সাঈদের বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশনের ভবন নির্মাণ ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
মীর শাহে আলম বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তার অভিযোগ, বিরোধীদল মানুষকে বিভ্রান্ত করছে।
তেল-গ্যাসের সংকট মোকাবিলায় লং মার্চের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, লং মার্চ করে যদি তেল-গ্যাসের সংকট সমাধান করা যেত, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই লং মার্চ করতেন।
পরে পীরগঞ্জ উপজেলার বড়দরগা থেকে ভেন্ডাবাড়ী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার আরও ১০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































