বেহেশতের টিকিট দিতে পারিনি, ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 77
নরসিংদীর বেলাবো উপজেলায় নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি। তিনি বলেন, “আমরা বেহেশতের টিকিট দিতে পারিনি, কারণ সেটা আল্লাহর হাতে। তবে আল্লাহর রহমতে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি।”
সরকারের পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদী কান্দা গ্রামে ৩৬৬টি পরিবারের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে, অথচ কৃষকদের সামান্য ঋণের জন্য নানা ভোগান্তি পোহাতে হয়েছে। এ কারণে বর্তমান সরকার কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের শিশুদের সুরক্ষায় শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সন্তানদের নিয়মিত টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদকের কারণে সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্ধ্যার পর সন্তানদের অপ্রয়োজনে বাইরে থাকতে না দেওয়া এবং ১৮ বছরের কম বয়সীদের হাতে মোবাইল ফোন না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।
সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি ভবিষ্যতে হেলথ কার্ড ও কৃষক কার্ডও দেওয়া হবে। এছাড়া আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক মিজ আয়েশা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।































