পল্লবীতে রামিসা হত্যা: আসামিদের আত্মপক্ষ শুনানি
- সর্বশেষ আপডেট ১২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 61
রাজধানীর পল্লবী এলাকায় আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার আত্মপক্ষের শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানির দিন ধার্য রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ সকাল সাড়ে ৮টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং বর্তমানে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
এই শুনানিতে আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করার আইনি সুযোগ পাবেন। আত্মপক্ষের এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পর বিচারক এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্কের শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন।
এর আগে গতকাল মঙ্গলবার এই চাঞ্চল্যকর মামলায় টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। ওই দিন ভিকটিম শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক ও বর্বরোচিত বিবরণ উঠে আসে।
তারও আগে গত ১ জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ এনে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে এই দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিলেন, যা ওই দিনই ট্রাইব্যুনাল আমলে নেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, পল্লবীর সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সাথে থাকত পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। অভিযুক্ত সোহেল ও স্বপ্না ওই বাসারই অন্য একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে আসামিরা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলায় তাদের নিজেদের রুমে নিয়ে যায়। পরবর্তী সময়ে সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি শুরু করেন তার মা।





































