বেনজীর ইস্যুতে এবার মুখ খুললেন শামা ওবায়েদ
- সর্বশেষ আপডেট ০৬:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 7
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে প্রত্যাবাসনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ চলছে। আমিরাত কর্তৃপক্ষ যে তথ্য ও নথিপত্র চেয়েছিল, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইউএই তাদের নিজস্ব আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান অব্যাহত রেখেছে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ হলে খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


































