সংঘর্ষের পর বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

- সর্বশেষ আপডেট ১২:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 144
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থী এবং বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগ ওঠে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্রদর্শনীতে কয়েকজন জামায়াত নেতার ছবি ও ব্যানার প্রদর্শন নিয়ে ছাত্রদলের আপত্তির জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষ শুরু হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শিবলী সাদিক দাবি করেন, প্রদর্শনীতে থাকা কিছু ছবি সরিয়ে নিতে ছাত্রদল চাপ সৃষ্টি করে। বিষয়টি প্রশাসনের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হলেও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। পরে আত্মরক্ষার্থে তারা প্রতিরোধ গড়ে তোলেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন অভিযোগ করেন, মুক্তিযুদ্ধবিরোধী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির ছবি প্রদর্শনের প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে বহিরাগতদের এনে আরও হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হবে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, কোনো শিক্ষার্থী যেন আর সহিংসতার শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় কোনো সংগঠনকে সরাসরি কর্মসূচির অনুমতি দেওয়া হয় না; সাধারণ শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়
































