জাতিসংঘ সদর দপ্তরে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান
- সর্বশেষ আপডেট ১২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 93
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকালে নিহত এই ছয় বীর সন্তানকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক দেওয়া হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ ও ভাবগম্ভীর অনুষ্ঠানে তাদেরকে এই সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষে এই সম্মাননা মেডেলগুলো জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই বাংলাদেশি সেনাদের অসীম সাহস, আত্মত্যাগ এবং পেশাদারিত্বের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব। সম্মাননাপ্রাপ্ত এই বীরেরা হলেন— মো. মাসুদ রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্তো মন্ডল। উল্লেখ্য, বিগত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে বৈশ্বিক শান্তির দায়িত্ব পালনকালে একটি আকস্মিক ড্রোন হামলায় তারা সকলেই নিহত হন।
বিশেষ এই সম্মাননা অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বজুড়ে দায়িত্ব পালনকালে নিহত হওয়া প্রায় ৪ হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সঙ্গে তিনি বর্তমানে বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ মিশনে কর্মরত ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর মানবিক অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন।
চলতি বছর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের মোট ৩৩টি সদস্য রাষ্ট্রের ৬৮ জন সামরিক, police ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠান শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বিশ্বমঞ্চে পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘের অফিশিয়াল শোক বইতে স্বাক্ষর করেন।



































