মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তির চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১১:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 28
মালয়েশিয়ায় আটক বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম বিদেশ সফরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, আইনি সীমার মধ্য থেকেই তাদের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে।
রোববার (২১ জুন) মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে দেশটিতে দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করা হবে।
তিনি বলেন, “আগামীকাল মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আইনের ভেতরে থেকে যতটুকু সুবিধা আদায় করা সম্ভব, সরকার সেটিই করার চেষ্টা করবে।”
প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, যে দেশে তারা অবস্থান করছেন, সে দেশের আইন না মানলে নানা ধরনের জটিলতা তৈরি হয়, যা অনেক সময় এড়ানো সম্ভব থাকে না।
এ সময় তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে বিদেশগামী কর্মীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।



































