রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় সরকার
- সর্বশেষ আপডেট ১০:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 7
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলা করেছিল। বর্তমান সরকারও সেই নীতির ধারাবাহিকতায় টেকসই সমাধানের পথ অনুসরণ করছে।
তিনি জানান, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক মানবিক ইস্যু হিসেবে তুলে ধরতে জাতিসংঘ, বিভিন্ন দেশ ও দাতা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ইউএনএইচসিআর, ইউএন উইমেন ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরও মানবিক সহায়তা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখতে বাংলাদেশ কাজ করছে। একই সঙ্গে রোহিঙ্গাদের তথ্য যাচাই, তৃতীয় দেশে পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল আন্তর্জাতিক ইস্যু। এর সফলতা রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং মিয়ানমারের সহযোগিতার ওপর নির্ভরশীল।
প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা, মানবিক সহায়তা ও প্রত্যাবাসন কার্যক্রম সমন্বয়ে উচ্চপর্যায়ের জাতীয় কমিটি ও ন্যাশনাল টাস্কফোর্স সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের লক্ষ্য, বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়া।
































