দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি
- সর্বশেষ আপডেট ০৪:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 40
টানা ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাঁচটি প্রধান নদীর পানি ৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সঙ্গে উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, বান্দরবানে সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার ও কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপরে রয়েছে। এছাড়া মৌলভীবাজারে মনু নদীর পানি মনু রেলসেতু পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা, সুরমা ও সোমেশ্বরীসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৯টিতে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে।
এদিকে, একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে ১০৯ মিলিমিটার এবং দেশের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


































