ডেঙ্গু পরীক্ষা ফ্রি ডিসেম্বর পর্যন্ত
- সর্বশেষ আপডেট ০২:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 25
ডেঙ্গুর মৌসুমে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ (NS1) পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রাথমিক পর্যায়ে এনএস১ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বরের প্রথম কয়েক দিনের মধ্যেই এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হয়, ফলে দ্রুত চিকিৎসা শুরু করা যায় এবং জটিলতার ঝুঁকি অনেকটাই কমে।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সরকারের এই সিদ্ধান্তে লাখো রোগী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





































