কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল
- সর্বশেষ আপডেট ১০:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 6
ঢাকা মহানগরীর যানজট নিরসনে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করবে।
সভা সূত্র জানায়, কাঁচপুর বাস টার্মিনালে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী আগামী চার মাসের মধ্যে টার্মিনালটি ব্যবহার উপযোগী করার নির্দেশনা দিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, শেডের ছাদ এবং অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।





































