জুলাই কোনো আকস্মিক ঘটনা নয়: জাহেদ
- সর্বশেষ আপডেট ০৯:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 11
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি।
বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘মননে জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, গণ-অভ্যুত্থানের পর বিতর্ক, বিভাজন বা হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। তাই অতিরিক্ত প্রত্যাশা না করে বাস্তবতা বিবেচনায় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের আরব বসন্ত-পরবর্তী পরিস্থিতির তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, গুমের শিকার পরিবারের সংগ্রাম, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষের প্রতিরোধের ধারাবাহিকতায় স্বৈরশাসনের পতনের পথ তৈরি হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বছরের পর বছর মামলা, কারাবাস, গুম, নির্যাতন, সম্পত্তি দখল ও জীবিকা হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ আন্দোলন চালিয়ে গেছে। সেই আত্মত্যাগই জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি গড়ে দিয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা এবং এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে না।
অনুষ্ঠানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীরের সভাপতিত্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
































