স্থানীয় নির্বাচনী প্রক্রিয়া কবে শুরু জানাল ইসি
- সর্বশেষ আপডেট ০৬:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 8
আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন কমিশন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আসন্ন অক্টোবর থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। কমিশনের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে এক থেকে দেড় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। তার মতে, পর্যায়ক্রমে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
তিনি আরও জানান, কোন পর্যায়ের নির্বাচন আগে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বাস্তবতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় ইউপি ও পৌরসভা নির্বাচন আগে হওয়ার সম্ভাবনাই বেশি।
কমিশনের পরিকল্পনায় উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেত্রে প্রতিটি ধাপের অভিজ্ঞতা বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সময় নির্ধারণে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব, বর্ষা মৌসুম এবং ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।
এদিকে কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খসড়া ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করে মতামত আহ্বান করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ইউপি নির্বাচনে জামানত বৃদ্ধি, অনলাইনে মনোনয়নপত্র জমা না রাখা, ইভিএম ও পোস্টাল ব্যালট ব্যবহার না করা এবং পোস্টার ব্যবহারে সীমাবদ্ধতা।
বর্তমানে প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন কমিশন সংশ্লিষ্টরা।



































