নরওয়ের বিপক্ষে নেইমার খেলবেন?
- সর্বশেষ আপডেট ০৪:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 100
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে রোববার (বাংলাদেশ সময় রাত ২টা) নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে চোট কাটিয়ে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের একাদশে থাকা না থাকা।
গ্রুপ পর্বে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও নকআউট পর্বের শুরুতে ছন্দে ফিরেছে ব্রাজিল। ফলে আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই নেইমারকে মাঠে দেখতে চান সমর্থকেরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারেন এবং ভবিষ্যতেও খেলবেন। তবে একাদশে থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তিনি।
আনচেলত্তির ভাষ্য, ‘নেইমার এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে ৯০ মিনিট খেলার মতো ফিট। দলের প্রয়োজন হলে অবশ্যই তাকে খেলাব।’
তবে এমন ইঙ্গিত নতুন নয়। গ্রুপ পর্বে মরক্কো, স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষেও নেইমারের খেলার সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি শুধু স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
এদিকে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘টিক-টক… বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচ আর মাত্র কিছু সময় বাকি।’ এতে সমর্থকদের মধ্যে তাকে শুরুর একাদশে দেখার জল্পনা আরও বেড়েছে।
নেইমারের বেঞ্চে থাকা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘কোনো তারকাই বেঞ্চে বসে খুশি থাকে না। নেইমারও নয়। তবে সে দারুণ পেশাদার, অনুশীলনে নিজের সর্বোচ্চটা দিচ্ছে এবং দলের সবাই তাকে ভালোবাসে।’
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে দুজনের মধ্যে ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানান আনচেলত্তি। তখন নেইমার জানিয়েছিলেন, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় অবদান রাখতে তিনি প্রস্তুত। কোচও স্পষ্ট করে বলেছিলেন, দলের স্বার্থে প্রয়োজনে বেঞ্চে বসে থাকাও সেই দায়িত্বের অংশ।




































