এলএনজি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ গাড়ির সারি
- সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 7
মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই দীর্ঘ যানজট ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্নের কারণে বুধবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়। গ্যাস নিতে অনেক চালককে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাননি।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্বাভাবিক গতিতে গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। এতে প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে আগের তুলনায় বেশি সময় লাগছে। কোথাও সীমিত পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে, আবার কোথাও সাময়িকভাবে স্টেশনের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাসচাপে পড়েছে।
তিতাসের দাবি, টার্মিনালের ত্রুটি দ্রুত সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। সমস্যা দূর হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করছে সংস্থাটি।



































