তিন ধাপ এগোল বাংলাদেশি পাসপোর্ট
- সর্বশেষ আপডেট ০৩:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 8
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। তবে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগের দিক থেকে বাংলাদেশ এখনও বিশ্বের দুর্বল পাসপোর্টধারী দেশগুলোর তালিকাতেই রয়েছে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।
গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে ছিল ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২১ সালে ১০৮তম। যদিও গত বছর বাংলাদেশি পাসপোর্টে ৩৭টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা ছিল, এবার তা কমে দাঁড়িয়েছে ৩৫টিতে।
সূচকে বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।
এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা পান। ১৮৭টি গন্তব্যে প্রবেশের সুযোগ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সূচকটির ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের একটি গড় পাসপোর্টে ১০৮টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে, যা ২০০৬ সালে ছিল ৫৮টি।
প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক ভ্রমণের সুযোগ বাড়লেও ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের মধ্যে ব্যবধান আরও বিস্তৃত হয়েছে। সবচেয়ে নিচের অবস্থানে থাকা আফগানিস্তানের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই মাত্র ২২টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান।






























