ইউপি চেয়ারম্যানে স্নাতক যোগ্যতা চেয়ে রুল
- সর্বশেষ আপডেট ০৩:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 6
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান।
রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত রুলে জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার বিষয়টি কেন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করা হবে না। পাশাপাশি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান হাইকোর্টে রিট আবেদন করেন।





































