সিলেটে বিজিবি সিপাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০১:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 84
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টাওয়ার থেকে জামিল আহমেদ শিষ (২০) নামে এক বিজিবি সিপাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মিনাটিলা বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জামিল আহমেদ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টাওয়ার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবির ওই সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
































