নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৬:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 245
শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগকারী লাকি আক্তার উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি এলাকার বাসিন্দা এবং মো. নূর ইসলামের স্ত্রী। অভিযোগে অভিযুক্তরা হলেন নন্নী অভয়পুর এলাকার মৃত ওয়াজেদ মাস্টারের ছেলে আরিফ মিয়া (৩৫), কয়রাকুড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে শাহিন মিয়া (২৭) এবং আরিফ মিয়ার স্ত্রী উম্মে হানি (২৭)।
লিখিত অভিযোগে লাকি আক্তার জানান, গত ১৪ সেপ্টেম্বর তাঁর বসতবাড়ির পাশের খালের পাড়ে লাগানো একটি বড় বটগাছ অভিযুক্তরা কেটে নিয়ে যান। এতে বাধা দিলে তাঁকে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এর দুই দিন পর ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে অভয়পুর এলাকায় একটি কাঁচা রাস্তায় অভিযুক্তদের সঙ্গে তাঁর আবার দেখা হয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে গালিগালাজ করে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লাকি আক্তারের অভিযোগ, আরিফ মিয়া মাছ ধরার কুচ দিয়ে এবং অন্য দুজন লোহার রড ও গাছের ডাল দিয়ে তাঁকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান। একপর্যায়ে তাঁকে রাস্তায় ফেলে টানাহেঁচড়া করা হয় এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এ সময় তাঁর গলার স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন লাকি।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে আবার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন লাকি আক্তারকে দেখতে গিয়ে স্থানীয় রোগী ও স্বজনরা তাঁর কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজ নেন। এ সময় বিষয়টি নিয়ে হাসপাতালে উপস্থিত লোকজনের মধ্যে আলোচনা হয়।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন লাকি আক্তার। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হবে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
































