সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বাধা বিজিবির
- সর্বশেষ আপডেট ০১:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 17
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থান করতে দেখেন। তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে বিজিবি।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের যেকোনো চেষ্টা ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।



























