ঝিনাইদহ সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
- সর্বশেষ আপডেট ০৬:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 17
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে অজ্ঞাত চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে কুসুমপুর বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেয়।
পুশইনের চেষ্টার শিকার চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।
এ ঘটনায় বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে বিজিবির পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তে পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।






























