সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ ফেরত দিল ভারত

- সর্বশেষ আপডেট ০৩:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 254
চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে উদ্ধার বাংলাদেশি এক যুবকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যদের উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।
শনিবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম তসিকুল ইসলাম (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তসিকুল কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন।
বাংলাদেশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ মরদেহটি গ্রহণ করেন। তিনি জানান, তসিকুলের ডান কাঁধ থেকে বুক পর্যন্ত ছররা গুলির চিহ্ন রয়েছে। তবে কার গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের ভাষ্য, বুধবার ভারতের অংশে বাখেরআলী সীমান্তসংলগ্ন ভাগীরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে আবেদন করা হয়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে ফেরত আনা হয়।
































