উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মরদেহ
- সর্বশেষ আপডেট ০২:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 82
কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের স্টিলের দরজা কেটে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল উপস্থিত ছিলেন না। এরপর ক্যাম্পের সহকর্মীরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে গেলে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকান। সেখানে রুবেল হোসেনকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
পরে খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসক ঘটনাস্থলে যান। ওয়াশরুমের বন্ধ স্টিলের দরজা কেটে ভেতর থেকে রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মুঠোফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে এএসআই রুবেলের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।































