৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

- সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 193
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় তাদের সীমান্তের শূন্যরেখা থেকে ফিরিয়ে দেওয়া হয়।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৫/৪-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, রাত থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধলা সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি সতর্ক অবস্থান নেওয়ায় ভোরের দিকে শূন্যরেখা অতিক্রমের সময় পাঁচজনকে আটকে দেওয়া হয়।
তিনি বলেন, পরে স্থানীয়দের সহায়তায় ওই পাঁচজনকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ পরে সীমান্ত গেট দিয়ে তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফেরত যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
ধলা সীমান্ত এলাকার কৃষক মতিয়ার রহমান বলেন, অল্প সময়ের ব্যবধানে এ সীমান্ত দিয়ে এটি দ্বিতীয়বারের মতো পুশইনের চেষ্টা। তার দাবি, ভারী বৃষ্টি ও উঁচু পাটক্ষেতের সুযোগ নিয়ে বিএসএফ এমন চেষ্টা চালাচ্ছে। সীমান্তবর্তী জমির পাট কাটা না হওয়া পর্যন্ত এ ধরনের চেষ্টা অব্যাহত থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সীমান্তের ওপারে বিএসএফের একটি বড় ক্যাম্পে আরও লোকজনকে জড়ো করে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। গভীর রাতকে পুশইনের জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।































