‘আমরা ব্যর্থ’- দেশমের বিদায়ে এমবাপ্পে
- সর্বশেষ আপডেট ০১:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 17
১৪ বছরের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। কিন্তু বিদায়টা হলো না স্বপ্নের মতো। ফ্রান্সের কিংবদন্তি কোচ দিদিয়ের দেশমের শেষ ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলের রোমাঞ্চকর হারে তৃতীয় স্থানও হাতছাড়া করল ফরাসিরা। আর এমন বিদায়ে নিজের হতাশা লুকাতে পারলেন না অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
রবিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এমবাপ্পে লিখেছেন, “আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে দাঁড়ালেন। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আমরা আপনাকে প্রাপ্য বিদায় দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।”
ফরাসি অধিনায়ক বলেন, দেশমের অবদান ভাষায় প্রকাশ করা কঠিন। তার নেতৃত্বেই দীর্ঘ সময় পর বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরেছিল ফ্রান্স। এমবাপ্পের বিশ্বাস, অনেকেই হয়তো দেশমের প্রকৃত অবদান পুরোপুরি উপলব্ধি করতে পারেননি, তবে ইতিহাস একদিন তাকে যথাযথ সম্মান দেবে।
তিনি আরও লেখেন, “দেশের জার্সি পরে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির পাশে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। একসঙ্গে কাটানো সময় আর অর্জনের স্মৃতিগুলোই আমার সবচেয়ে বড় সম্পদ।”
বার্তার শেষে দেশমের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান এমবাপ্পে। তিনি বলেন, “আপনার নতুন যাত্রা সফল হোক। এই জার্সির জন্য আপনার প্রতিটি অবদানের জন্য আবারও ধন্যবাদ।”
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া দেশমের হাত ধরেই ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালে দলকে আবারও ফাইনালে তুললেও শিরোপা অধরা থেকে যায়। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো দেশমের সফল কোচিং অধ্যায়।




































