ইবাদতের পর এবার আইসিসির শাস্তি পেলেন হৃদয়

- সর্বশেষ আপডেট ০৪:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 85
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হারের ধাক্কার মধ্যে এবার আইসিসির শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি এক বিবৃতিতে জানায়, সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান হৃদয়। তাঁর দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আগ্রাসী ও অশোভন আচরণ করেন তিনি।
নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হৃদয়। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে একই টেস্টে আইসিসির শাস্তি পান বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। ব্যাটার ক্রিজে থাকা অবস্থায় তাঁর দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারায় আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেন ইবাদত। এ অপরাধে তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
































