নির্যাতনজনিত হত্যার তদন্ত ও বিচার দাবি ব্লাস্টের
- সর্বশেষ আপডেট ০৬:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 126
দেশের বিভিন্ন স্থানে শিশুদের নিখোঁজ হওয়া, নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
এক বিবৃতিতে ব্লাস্ট জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নিখোঁজ শিশুদের কারও মরদেহ মাটিচাপা অবস্থায়, আবার কারও মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। চলতি বছরেও ধর্ষণের পর শিশু হত্যা এবং শারীরিক নির্যাতনে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নির্যাতনের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ব্লাস্ট। সংগঠনটি এ হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি জানিয়েছে।
একই সঙ্গে খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে মেসে মিল না দিয়ে কাউকে না জানিয়ে ভাত খাওয়া এবং টাকা চুরির অপবাদে মারধর করে হত্যার অভিযোগের কথাও উল্লেখ করেছে ব্লাস্ট। সংগঠনটির দাবি, এ ঘটনায় অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ব্লাস্ট বলেছে, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে তাদের সুরক্ষা, বিচার ও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে হবে।
এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্লাস্ট।






























