লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
- সর্বশেষ আপডেট ১২:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 70
লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হওয়া সাবেক ছাত্রদল নেতা চৌধুরী রুবেল (৩০) মারা গেছেন। সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরশহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ওই অটোরিকশার যাত্রী ছিলেন রুবেল। সংঘর্ষে তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তি পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তারা জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























