আখাউড়ায় নিখোঁজ শিশুর লাশ ভারতে উদ্ধার
- সর্বশেষ আপডেট ০২:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 96
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে ভারতের লংকা মোড়া এলাকায় মো. শাকিল নামে এক বাংলাদেশি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে মরদেহটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যায়।
শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অংশে লংকা মোড়া এলাকায় একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে শাকিলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
মরদেহটি ভারতের সীমানায় থাকায় দেশটির পুলিশ সেটি নিয়ে যায়। পরে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তরের কথা রয়েছে।
২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, মরদেহটি ভারতীয় অংশে পাওয়া গেছে। বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার মাধ্যমে মরদেহটি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।






























